রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

একা

একা ছিলাম সবাই হা ডু ডু খেলা নিয়ে ব্যস্ত ছিল বাবুই পাখিরা কিচির মিচির বাসায় ফিরছিল সূর্য ডুবে বলে ভিড় জমাচ্ছিল পশ্চিম বিলে বকেরা ভানুমতির মালা হয়ে দুলছিল আকাশে একা আছি শৈশবের ক্ষত নিয়ে বৃদ্ধাশ্রমের নিঝুম বারান্দায়। ৩১.০১.২০২৬

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন কাটায় যে যার মত খায় ওড়ে ফেরে আপন ধর্মে স্বদেশ বিদেশ বিচার বিহীন মানুষের কোন মঙ্গলজড়ি নেই দেশ ধর্ম জাত বিভেদের শত প্রাচীরে চুনকাম করতে ব্যস্ত সদাই।।

মঙ্গলাজড়ি ২

মঙ্গলাজড়ি গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে গ্রাম ছাড়িয়ে হাঁটতে হাঁটতে দুপাশে পাখির ক্ষেত ডাইনে বাঁয়ে বিস্ফারিত চোখে হারিয়ে গেলাম মানে ঢুকে পড়লাম চিলকার হ্রদের অন্তরে আসলে কা - কা রাও জানে কারো অন্তরে এতোটুকু ফাঁকা নেই অন্যের বাঁশরি শোনার চিলকা হ্রদের জল কাদা শ্যাওলা পানা আবহমানকাল পালা করে ধরেছে অনেক মন সাদা কালো ধূসর বেগুনি, রঙ বেরঙের পাখিদের এবং মানুষের এবং দেশ বিদেশের নোনাজল মিঠেজল চিলকাহ্রদের অন্তরে ঢুকে কেবল মানুষ হবার যাদুমন্ত্র খুঁজি ।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

পিকনিক ১১.০১.২০২৬

ট্রাভেলিং এজেন্ট এর পিকনিকে গিয়ে চেনা কাউকে পেলামনা। মন খারাপের কথা লিখতে গেলাম। শেষ পর্যন্ত যা হলো সেটা প্রেমের বিরহের কবিতা। সত্তুরে এসে এই কবিতা ! বউয়ের ঠেঙানো খেতে বাকি। কিন্তু লিখে যখন ফেলেছি... _---+---------------------------------- এতো লোক এতো হাসি তবু একা লাগে। এতো দল আছে তবু একা লাগে। শান্ত মনের উষাকাল বা সূর্যাস্তের বিকাল অথবা চাঁদনি রাতের ছাদের কার্নিশ একা লাগে প্যাঙ্গং নীল জলে রং বাহারি প্রেমিক পাহাড়কে অপলক ধরে রাখে শাড়ির আঁচল বেয়ে ভালবাসারা খিলখিল করে লুটায় ধূলায় আমি খুঁজে ফিরি নিঃশ্বাসের তপ্ত সুবাস আঁধার ঘনিয়ে, রাত গভীর হয় গ্যালাক্সি কক্ষ ছেঁড়ে নেমে আসে হাতের মুঠোয় মনের ফাঁকা অন্দর একা থাকে একা লাগে একা লাগে যখন তুমি আশেপাশে থাকো উদাস উদাস।

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

ছাব্বিশে প্রার্থনা

নতুন বছর মোদিকে মানবিক করুক নতুন বছর মমতাকে মমতাময়ী করুক নতুন বছর আমাকে বিদ্বেষহীন করুক হাতের মুঠোয় চাঁদ নিয়ে মানুষ খেলবে।।

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আক্রোশ

যারা হিংসা ছাড়া কিছু বোঝে না তাদের মোকাবিলা করতে হবে হিংসা দিয়ে, যারা খুন ভালবাসে তাদের খুন উপহার দিতে হবে। যারা কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যারা জ্যান্ত মানুষকে মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেয়, যারা সাত বছরের শিশুকে ঘরে আটকে পুড়িয়ে মারে তাদের আর কী উপহার দেয়া যায় ? ওদের সৃষ্টিকর্তাও এই নরাধমদের এমন শাস্তি চায়। এসব রাগের কথা। দূষিত আবহাওয়ায় যখন গা ঘিনঘিন কেন্নরা বেড়ে ওঠে, যখন সবুজ পাতারা পচে যেতে থাকে, যখন পঁচা শামুখেরা পা কাটতে থাকে ক্রমাগত, যখন ঈদের চাঁদ খুশি বয়ে আনেনা - রাগেরা দল বেঁধে আসে। উগরে দিতে চায় ঘৃণা, জ্বলন্ত লাভা হয়ে আছড়ে পড়ে বারো ভুঁইয়ার বাংলায়। শ্মশান স্নিগ্ধ আবেশে বয়ে চলে আক্রোশ।

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

চোখ মেলো কমরেড

চোখ মেলো কমরেড গৌতম আলী কমরেড সুকান্ত হবো ইতিহাস বলে চলে গেলে, ইতিহাস হলে পৃথিবীর জঞ্জাল সরাবার ছাড়পত্র লিখে গেলে শিশুর বাসযোগ্য করার প্রতিজ্ঞা করালে, করলে দেশলাই কাঠিতে বারুদের হদিস দিলে সে বারুদ জ্বলতে জ্বলতে নিভে গেল ধর্মের আফিমের বিরুদ্ধে লড়তে লড়তে ধর্মে বুদ হয়ে গেল বারুদের উত্তাপ। প্রিয় কমরেড ছোট ছোট চারাগাছ যাদের জন্ম রক্তের, ঘামের আর চোখের জলের ধারায় ধারায় তারা এখনো রসহীন খাদ্যহীন বেড়ে ওঠে যত্রতত্র খবর হবার আগেই খাবার হয়ে যায় সূর্যের উত্তাপ ওদের গায়ে লাগে না সিঁড়ি হয়ে পিষ্ট হতে থাকে প্রতিদিন সে সিঁড়িকে ক্ষতবিক্ষত করে উপরে ওঠে ভিজে দেশলাই কাঠির বারুদেরাও। দিশারী কমরেড ছাড়পত্রের উত্তরাধিকারী এক মার্কসবাদী লিখছেন দেশজ সংস্কৃতি বাদ দিয়ে আসতে পারে না সাম্যবাদ তাই ধর্মের আশ্রয়, তাই গলায় পৈতে, তাই ইফতার অথচ দেশের নিপীড়িত মানুষেরা পৈতেয় পিষ্ট তা তাঁরা দেখতে পায়না, ভাবেনা জাতি বৈষম্যের কথা তাঁরা দেখতে পায়না নবজাতক জাতের জঞ্জালে পরিত্রাহী চিৎকার করছে মুক্তির। তোমার ছাড়পত্র আজ শ্যাওলা বেষ্টিত আঠারো আজ জরাগ্রস্ত।। ১৪/০১২/২৫

একা

একা ছিলাম সবাই হা ডু ডু খেলা নিয়ে ব্যস্ত ছিল বাবুই পাখিরা কিচির মিচির বাসায় ফিরছিল সূর্য ডুবে বলে ভিড় জমাচ্ছিল পশ্চিম বিলে বকেরা ভানুমতি...